নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক: নোয়াখালীর সদরে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (২৯ আগস্ট) আনুমানিক বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের দিদিমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোনাপুর-বসুরহাট সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘোষিত অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় বিকালে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চালানো এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Back to top button