তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এ থানা পরিদর্শনে গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
গতকাল শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে প্রশাসনিক কক্ষ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও খাবার জায়গা পরিদর্শন করেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। পাশাপাশি নাইট ডিউটি ও পালাভিত্তিক দায়িত্ব পালনের সময়সূচি এবং কর্মপরিবেশ নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে আসা ব্যক্তিদের সমস্যার কথা তিনি শোনেন এবং অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা দেওয়া। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকরা যেন কোনো ধরনের মাধ্যম ছাড়াই নির্ভয়ে থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




