ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে। ভঙ্গুর অর্থনীতির ওপরে দাঁড়িয়ে দায়িত্ব নিলেও শুরুটা ভালো করেছে সরকার।
গতকাল শনিবার (১৮ জুলাই) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাড়াতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার সে প্রমাণ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সে ধারাবাহিকতা ধরে রেখে অর্থনীতি পুনরুদ্ধারে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।
এসময় সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে সহযোগিতা করতে মেরিন পেশাজীবিদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মেরিনার্সদের মতোই বিভিন্ন খাতের পেশাজীবিরা সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নেয়া যাবে।
এর আগে, দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে বিশ্বে চীনের ব্যবসায়িক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে সুসংহত করবে।
তিনি আরও বলেন, নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।




