চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক: শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
গতকাল শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকের সার্বিক খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে রাজনৈতিক দলের বা মতেরই হোক না কেন, তাদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়—মাননীয় প্রধানমন্ত্রী সেই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রী জানান, মেডিকেল এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করার কাজ চলছে।
হাসপাতালগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যেকোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটানো কোনো সন্ত্রাসীকেই রেহাই দেওয়া হবে না।
চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে চিকিৎসকদের সুরক্ষায় দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র কর্মী এবং ১ জন করে পেট্রন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



