সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

অনলাইন ডেস্ক: গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
শিবির সভাপতি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে।’
ছাত্রশিবিরের সভাপতি অভিযোগ করেন, ‘সরকার গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে।’ একই সঙ্গে শাপলা চত্বর, ২৮ অক্টোবর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যা ও গুম-খুনের বিচার দাবি করেন তিনি।
বিএনপির উদ্দেশে সাদ্দাম বলেন, ‘জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন-গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ এর জবাব দেবে।’ এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।’
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



