চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা, সংসদে সরকার-বিরোধীদলের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: সরকারকে অস্থিতিশীল করতে বিরোধী দল পরিকল্পিত চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বিরোধীদের আচরণ ও চট্টগ্রামে হামলা নিয়েও প্রশ্ন তোলেন।

গতকাল বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আব্দুল ওয়াদুদ ভুইয়া বলেন, সংসদে বিরোধী দলের আচরণ দেখে মনে হচ্ছে, তারা দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চালু থাকতে দিতে চায় না।

তিনি দাবি করেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারকে বিব্রত করতে বিরোধীরা সক্রিয়ভাবে কাজ করছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। এমনকি বক্তব্যে চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গও তোলেন তিনি।

তিনি বলেন,  চট্টগ্রামে সিটি কলেজের ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কি অপরাধ ছিল? ছাত্রদল শুধু লিখেছে ‘গুপ্ত’। সেই জন্যেই তারা ছাত্রদলের ওপর হামলা করে দেশের গনতন্ত্রের ওপর আঘাত করেছে

এ সময় তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা। তিনি সংসদে ব্যবহৃত কিছু ভাষাকে ‘অসংসদীয়’ উল্লেখ করে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান এবং বলেন, এ ধরনের বক্তব্যে বিরোধী দল আঘাতপ্রাপ্ত হয়েছে।

জবাবে আব্দুল ওয়াদুদ ভুইয়া বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারপন্থী ভোটাররা নীরব থাকবে না এবং প্রয়োজনে প্রতিবাদ জানাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে কাজ করে যাচ্ছে। তবে বিরোধী দলের কর্মকাণ্ড সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা বলে তিনি মনে করেন।

Related Articles

Back to top button