ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরিয়ে আরেকজনকে নিয়োগ দিল সরকার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। একই সঙ্গে ওই পদে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ প্রজ্ঞাপন দুটি স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৎকালীন সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছিল। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা ছিল। তবে বর্তমান সরকার নির্ধারিত সময়ের অনেক আগেই তাকে অব্যাহতি দিল।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করার শর্তে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশটি অর্থাৎ মো. আনিছুর রহমানের নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button