নওগাঁয় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: নওগাঁয় আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রোগীদের সঙ্গেও কথা বলে তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান।
এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা আসলে কোনো ব্যবস্থা নিতে আসিনি। পরিদর্শনের সময় কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




