দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

অনলাইন ডেস্ক: রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।
গতকাল বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করেই সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।
বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে এলএনজি কেনার বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।




