পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে বল ভাগ করে নিলেন রবিনসন-জশ টং

অনলাইন ডেস্ক: হেডিংলি টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন এবং জশ টংয়ের জন্য ছিল যেন স্বপ্নপূরণের মতো। দুজনেই সমান ৫টি করে উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে গুটিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন। 

পাকিস্তানের ইনিংসের শেষ উইকেটটি নিয়ে টাং যখন রবিনসনের মতো পাঁচ উইকেট পূর্ণ করলেন, তখন দুজনে একসঙ্গে মাঠ ছাড়েন।

৫ উইকেট নেওয়া যেকোনো বোলারের জন্যই বিশেষ মুহূর্ত, আর তাই স্মারক হিসেবে ম্যাচ বল নিজের কাছে রাখা ক্রিকেট ঐতিহ্যেরই অংশ। তবে যখন দুজন বোলারই সমান ৫টি করে উইকেট নেন, তখন বলটি কার কাছে থাকবে?

হাসি মুখে জশ টং বিষয়টি খোলসা করে জানান, শুরুতে ম্যাচ বলটি রবিনসন নিজের কাছেই নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মাঠের গ্রাউন্ডসম্যান অনন্য এক সমাধান খুঁজে বের করেন—তিনি স্মারক হিসেবে পুরো ম্যাচ বলটিকে সমান দুই ভাগে কেটে দুজনকে ভাগ করে দেন!

রবিনসন সেই মুহূর্তের কথা বলতে গিয়ে জানান, ‘আমরা মাঠ থেকে বের হচ্ছিলাম, তখন টাং বলল, ‘আমার মনে হয় আমাদের বলটা ভাগ করে নেওয়া উচিত।’ আমিও বললাম, ‘আসলেই তো, এটা করাই উচিত। মনে হয় দারুণ একটা ব্যাপার হবে।’

তিনি আরও বলেন, ‘একটা ক্রিকেট বলের অর্ধেক তো সাধারণত কারো কাছে থাকে না। তাই এটা এমন কিছু হবে যা আমরা কখনো ভুলব না। আর একই ইনিংসে দুজনের পাঁচ উইকেট নেওয়াও তো খুব একটা দেখা যায় না। তাই এটা একটা সুন্দর উপহার এবং মনে রাখার মতো কিছু।’

ইংল্যান্ড দল ড্রেসিংরুমে ফেরার পর টাং ইয়র্কশায়ারের এক মাঠকর্মীকে জিজ্ঞেস করেন, বলটা কি দুই ভাগ করা সম্ভব কিনা।

রবিনসন বলেন, ‘আমি তাকে বললাম, তুমি কি মনে করো তারা এটা করতে পারবে? আর পাঁচ মিনিটের মধ্যেই সে বলটা নিয়ে ফিরে এল। কাজ হয়ে গিয়েছিল।’

করাত দিয়ে বলটি নিখুঁতভাবে দুই টুকরো করা হয়। এভাবে রবিনসন ও টাং নিজেদের অর্জনের স্মৃতি হিসেবে বলের অর্ধেক করে রাখলেন। রবিনসন ১৮ ওভারে ৫১ রানে পাঁচ উইকেট নেন। টাং মাত্র ৯.১ ওভারে ৪৬ রানে পাঁচ উইকেট নেন। পাকিস্তানের ইনিংসের শেষ দুই উইকেট তারা টানা দুই বলে তুলে নেন। তাতেই গড়া হয়ে যায় অভিনব এই কীর্তি।

Related Articles

Back to top button