তিনি একাই প্রতারণার ১৩০ মামলার আসামি!

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে প্রতারণা ও বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রায় ১৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশাত দিলরুবা জাহান শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর নিশাত দিলরুবা জাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Related Articles

Back to top button