বর্গাচাষির খড়ের গাদায় মিললো ১১ লাখ টাকার স্বর্ণালংকার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও প্রায় ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেংগারচর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আল মামুন টিটু (২৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, উপজেলার বড় ঝিনাইয়া এলাকায় দুলাল বেপারীর মালিকানাধীন আবাদি জমিতে বর্গাচাষী মো. মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতরে সন্দেহজনক দুটি ব্যাগ পড়ে আছে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে খড়ের গাদা তল্লাশি করে দুটি ব্যাগ উদ্ধার করে।

তল্লাশিকালে একটি কালো রঙের রেক্সিনের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পাওয়া যায়।

অপরদিকে ক্রীম রঙের একটি শপিং ব্যাগের ভেতরে থাকা নেভি-ব্লু রঙের ‘পলাশ জুয়েলার্স’-এর গহনার বক্স, ‘লোকনাথ বাবা স্বর্ণ শিল্পালয়’ লেখা একটি ছোট কাপড়ের ব্যাগ এবং নীল-কালো রঙের আরেকটি ব্যাগ থেকে মোট ৬ ভরি ৪ আনা ৫ রতি ৬ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।

পরিত্যক্ত অবস্থায় পাওয়া হওয়ায় উদ্ধারকৃত নগদ অর্থ ও স্বর্ণালংকার জব্দ তালিকাভুক্ত করে থানায় নিয়ে আসা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় পাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button