পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার তীরেও সেই পলাশীর চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পলাশী মানেই কিন্তু সেই ভাগীরথী নদীর তীরের সেই পলাশী নয়। এখনও পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার তীরেও কিন্তু সেই পলাশীর চক্রান্ত আছে। নামের মীর জাফর হয়তো নেই, কিন্তু একই চরিত্রের অসংখ্য মীর জাফর এই ভূখণ্ডে বসবাস করছে। 

গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘পলাশী দিবসের তাৎপর্য ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর, আর ক্ষমতার লোভে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাসই পলাশীর ইতিহাস। 

তিনি বলেন, পলাশী আমাদের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং এটি আমাদের পরিচয়ের একটি অন্যতম অনুষঙ্গ। ১৭৫৭ সালের এই দিনে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আধুনিক যুগে আধিপত্যবাদ সরাসরি ভূখণ্ড দখলের মাধ্যমে নয়; বরং অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তার করে। তাই কেবল ভূখণ্ডগত স্বাধীনতা নয়, বরং প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই গুরুত্বপূর্ণ।

Related Articles

Back to top button