স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে, তাদের প্রতিহত করবে সাধারণ মানুষ: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বৈরাচারী কায়দায় যেই আসার চেষ্টা করবে বা মানুষকে উস্কানি দেবে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।

গতকাল রোববার (৯ আগস্ট) বেলা ৩টায় হিলি স্থলবন্দরের প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে ফোর লেন সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন মন্ত্রী জাহিদ হোসেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কারও কারও সরকার বলছে, তাতে তাদের কোনো সহযোগিতা নেই। স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে বা উসকানি দেবে, তাকে প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব। এই ধরনের উসকানিমূলক কার্যক্রম যদি কেউ করে, সেটিকে প্রতিহত করার জন্য সরকার ও জনগণ প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, বন্দর এলাকার বাণিজ্য প্রসারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা রাস্তার কাজ শেষ হলে বন্দরের আমদানি-বাণিজ্য বাড়বে। হিলি রেলওয়ে স্টেশনের কার্যক্রম আরও বাড়ানো হবে, যাতে এখান থেকে মালামাল ওঠানামা থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে করা যায়। সবকিছু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোর লেন সড়কের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকারের আমলে জটিলতা কাটিয়ে আজ থেকে কাজ শুরু হয়।

Related Articles

Back to top button