গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। গত ১৫ দিনে যেসব গ্রাহক তাদের হিসাব বন্ধ করে দিয়েছেন, তারা কোনো ধরনের ফি বা চার্জ ছাড়াই তা পুনরায় সচল করার সুযোগ পাবেন।

গতকাল সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি মাসের ১ থেকে ১৫ জুনের মধ্যে যেসব এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব নগদায়ন বা বন্ধ করা হয়েছে, গ্রাহকরা চাইলে সেগুলো আবারও চালু করতে পারবেন। এ জন্য আগামী সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহককে নিজ উদ্যোগে আবেদন করতে হবে।

এই নির্দেশনার আওতায় বন্ধ হিসাব পুনরায় সচল করলে গ্রাহকের কোনো আর্থিক ক্ষতি হবে না। বরং হিসাবটি নিরবচ্ছিন্নভাবে চলমান থাকলে গ্রাহক যে ধরনের মুনাফা ও সুবিধা পেতেন, তার সবই বহাল থাকবে। এছাড়া হিসাব পুনঃসচলের ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের খরচ ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। মূলত ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নে এরই মধ্যে ব্যাংকের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে ভাঙানো বা বন্ধ করা হিসাবগুলোর একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহকদের মোবাইল ফোন ও ঠিকানায় যোগাযোগ করে ব্যাংক কর্মকর্তারা তাদের হিসাবটি পুনরায় সচল করতে উৎসাহিত করবেন।

Related Articles

Back to top button