বাজেট ঘোষণার পরেও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: পাট প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি হয়নি বলে দাবি করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও বাজারে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।

পরিদর্শনকালে তিনি পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে পণ্যের সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও নেন।

শরীফুল আলম বলেন, “আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে।”

তিনি আরও বলেন, সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানো যায়।

প্রতিমন্ত্রীর দাবি, অতীতের তুলনায় এবার বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায়নি। “জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে,” বলেন তিনি।

বাজারে কৃত্রিম সংকট বা অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির কারণে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রয়েছে।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button