বোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ান

অনলাইন ডেস্ক: উসেইন বোল্টের ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার দৌড়ে ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। তবে বয়সভিত্তিক পারফরম্যান্সে তাকে ছাড়িয়ে নতুন আলোচনায় উঠে এসেছেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট।
দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই অ্যাথলেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড। তার এই টাইমিং অস্ট্রেলিয়ার নতুন জাতীয় রেকর্ড, পাশাপাশি অনূর্ধ্ব-২০ বিভাগে এটি ইতিহাসের দ্বিতীয় সেরা সময়। একই বয়সে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড সে হিসেবে গাউট বেশ এগিয়ে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের ১৯.৬৭ সেকেন্ড অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড, আর অনূর্ধ্ব–২০ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় সেরা। ২০ বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুততম ১৯.৪৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, ২০২২ সালে।
কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া দক্ষিণ সুদানি বংশোদ্ভূত গাউট আগেও ১৯.৮৪ সেকেন্ডে দৌড়েছিলেন, তবে সেটি বাতাসের সহায়তায় হওয়ায় বৈধ হিসেবে গণ্য হয়নি। এবার সম্পূর্ণ বৈধ দৌড়ে নিজের সামর্থ্য প্রমাণ করে দারুণ উচ্ছ্বসিত এই তরুণ অ্যাথলেট।
তিনি বলেন, ‘এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে—এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল। তাই এটি অবশ্যই দুর্দান্ত এক অনুভূতি, আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’
এদিকে তার কোচ ডি শেফার্ডও বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, ‘আমি এতটা আশা করিনি। আমি আশা করেছিলেন ২০ সেকেন্ডের নিচে হবে। কিন্তু এতটা কম সময়ে হবে, ভাবতে পারিনি।’
একই প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া অ্যাইডেন মারফিওও ২০ সেকেন্ডের নিচে দৌড়ে (১৯.৮৮ সেকেন্ড) নজর কাড়েন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়।




