মেসির রেকর্ড ভাঙবে এমবাপে, বিশ্বাস দেশমের

অনলাইন ডেস্ক: লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের বিশ্বাস, সেই রেকর্ড একদিন ভেঙে দেবেন কিলিয়ান এমবাপে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে আরেকটি মাইলফলক স্পর্শ করার পর নিজের অধিনায়ককে নিয়ে এমনই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ফরাসি কোচ।
ইরাককে ৩-০ গোলে হারানো ম্যাচে দুটি গোল করেন এমবাপে। এর ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। তিনি ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড। এখন তার সামনে আছেন শুধু লিওনেল মেসি, যিনি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। আর এখন সে একটি প্রতিকী সংখ্যাও স্পর্শ করেছে। তার ১০০টি আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেছে। সে সবসময় গোল করেছে এবং ভবিষ্যতেও আরও গোল করবে।’
মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে ফ্রান্স কোচ বলেন, ‘মেসিকে দেখুন, রোনালদোকে দেখুন। এমবাপে তাদের বয়স পর্যন্ত খেলবে কি না, আমি নিশ্চিত নই। কিন্তু যতদিন সে মাঠে থাকবে এবং নিজেকে ভালো অনুভব করবে, ততদিন সে অনেক গোল করবে।’




