যৌন হয়রানি ইস্যু

মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার করা দুটি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক: নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ ফেব্রুয়ারি তদন্ত রিপোর্টটি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা আলমের উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্তে— চারটির মধ্যে দুটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এই দুটি অভিযোগই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। 

তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘যৌন হয়রানি’র পর্যায়ে পড়ে।

প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিসিবির বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি জানিয়েছে, তদন্ত রিপোর্টের সুপারিশ অনুসারে পরবর্তী আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে বোর্ডের পক্ষ থেকে আরও বিস্তারিত সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

Related Articles

Back to top button