পাইলিংয়ের সময় লোহার পাইপ পড়ে নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান তাকওয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে।

স্থানীয়রা জানান, কাজের তাগিদে শিশুটির বাবা কুমিল্লায় থাকতেন। পরিবারের অন্যান্য সদস্য ও মায়ের সঙ্গে দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান এলাকায় থাকতো ইয়াছিন। ওই এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ চলাকালে মেশিনের একটি লোহার পাইপ হঠাৎ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন পাশের একটি দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হঠাৎ করে পাইলিং মেশিনের পাইপ ভেঙে তার ওপর পড়ে।

নিহতের বাবা রুবেল বলেন, ‘সকালে আমার বড় ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই। খবর পেয়ে কুমিল্লা থেকে দ্রুত চলে এসেছি। টাকা গেলে আবার পাওয়া যায়, কিন্তু মানুষ তো আর ফিরে পাওয়া যায় না। আমার ছেলে আমার কাছে রাজপুত্রের মতো ছিল। আমি এই ঘটনার বিচার চাই।’

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজের সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button