হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

অনলাইন ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের রাজত্ব। সরিষার ফুলে একের পর এক মাঠ ঢেকে গেছে উজ্জ্বল হলুদ আভায়। হিমেল হাওয়ায় দোল খাওয়া সরিষার ফুল প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে অপূর্ব নান্দনিকতা। এই মনোরম দৃশ্য মুগ্ধ করছে পথচারীসহ আগত সকলকে, পাশাপাশি তৃপ্ত করছে কৃষকের হৃদয়ও।
সরিষা ফুলের এমন প্রাচুর্যে উৎফুল্ল কৃষকেরা। আনন্দ ভাগ করে নিচ্ছেন সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহকারীরাও। গত কয়েক বছরে সরিষার ভালো ফলন ও সন্তোষজনক বাজারদর পাওয়ায় চলতি মৌসুমে আগের তুলনায় বেশি কৃষক সরিষা চাষে আগ্রহ দেখিয়েছেন।
বোদা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ২৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি জমিতে বিভিন্ন উন্নত জাতের সরিষা চাষ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে কেবল হলুদ আর হলুদের সমারোহ। এ সময় উপজেলার ৬নং মাড়েয়া ইউনিয়নের বামনহাট এলাকার কৃষক জিয়া হোসেন বলেন, এ বছর আমি আগের তুলনায় অনেক বেশি সরিষা আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি। এখানকার উৎপাদিত সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়।
এ ছাড়া উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর ছেসনাইপাড়া গ্রামের কৃষক ওসমান গনি জানান, গত বছর অল্প জমিতে সরিষা চাষ করলেও এবছর প্রায় তিন বিঘা জমিতে আবাদ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন হবে বলে আশা করছি।
সরিষার ক্ষেত থেকে মধু আহরণে যুক্ত মৌসুমি মধু সংগ্রাহক মানুন বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত অনেক বেশি। তাই মধু উৎপাদনও বেশি হবে বলে আশা করছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহমেদ রাশেদ উন নবী বলেন, সরিষা একটি স্বল্প খরচের লাভজনক ফসল। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের আগ্রহ বাড়ায় সরিষার আবাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলন ভালো হলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং ভোজ্যতেলের চাহিদা পূরণেও সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




