যুদ্ধের প্রভাবে বাংলাদেশ থেকে বাতিল ১৭৬ ফ্লাইট

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পরিচালিত মোট ১৭৬টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (৪ মার্চ) সর্বশেষ ২৮টি ফ্লাইট বাতিলসহ গত পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হয়। যার বেশিরভাগই মধ্যপ্রাচ্যের।

বেবিচক জানায়, আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।

এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাতের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ২টি, জাজিরা (কুয়েত) এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের ৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এদিন মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়।

এদিকে আগামী ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Related Articles

Back to top button