ঘোষণা দিয়ে নাশকতা, আগেই কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়ে দুটি পত্রিকা, ধানমন্ডি ৩২ নম্বর ও ছায়ানটে হামলা চালানো হয়েছে। কিন্তু হামলাকারীদের নিবৃত্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন কোনো তত্পরতা চালাতে দেখা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী হাজির হয়েছে। ঘোষণা দিয়ে নাশকতার করা হলেও আগে থেকে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি? এই ধরনের ঘটনার জন্য কি আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল না? সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এখন এই আলোচনা হচ্ছে।

ঘোষণা দিয়ে যে নাশতা, সেটা আইনশৃঙ্খলা বাহিনী চাইলে কি আগে থেকে কোনো ব্যবস্থা নিতে পারত না? জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ যে ব্যবস্থা নেয়নি, বিষয়টি এমন নয়। তবে আপনাদের বুঝতে হবে এতদিন মানুষ যে ধরনের পুলিশিং দেখে আসছে, এখন আমরা সেই ধরনের পুলিশিং করছি না। আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আগে যেমন কোনো ঘটনার পর একটা ক্রসফায়ার হলে মানুষ মনে করত, ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন তো আর ক্রসফায়ার হয় না। আমরা লাঠিচার্জ করি না, কাউকে গুলি করি না। ফলে আমাদের সাধ্যের মধ্যে এগুলো নিয়ন্ত্রণে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা শক্ত পদক্ষেপ নিয়েছি।

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ। তিনি বলেন, পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রবিবার বিকালে প্রধান উপদেষ্টার দপ্তরে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ওসমান হাদির সহকর্মীরা যখন শাহবাগে প্রতিবাদ জানাচ্ছেন তখন কিছু দুষ্কৃতকারী এতে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা চালায়। এদের দুই জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। অন্যান্য ঘটনাগুলোতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গতকাল বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েক জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি, তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।

ছায়ানট ভবনে হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো প্রতিষ্ঠান কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে অথবা মানুষ পুড়িয়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় ও গর্হিত কাজ বলে বিবেচনা করি। তাদের আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক পোশাক কারখানার কর্মীকে পিটিয়ে হত্যা ও একপর্যায়ে গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন করা হলে আ ফ ম খালিদ হোসেন দুঃখ প্রকাশ করেন। এটা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার কোনোভাবে আইন হাতে নিতে দেবে না।

দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঐ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। তাদের বাড়ি ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায়। এর আগে এ ঘটনায় পৃথকভাবে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার তার ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ঐ মামলায় এদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডেভিল হান্ট ফেস-২ চলার মধ্যেই দেশে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। ইসি সানাউল্লাহ বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবেন।

অন্যদিকে লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আগুনে পুড়ে ঐ বিএনপি নেতার সাত বছর বয়সি মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঐ বিএনপি নেতা এবং তার আরো দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪) আগুনে দগ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

ঢাকায় ছায়ানট ও উদীচী অফিসে হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঐদিন রাতে ঘোষণা দিয়ে এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কি চাইলেই আগে থেকে কোনো পদক্ষেপ নিতে পারত না? জানতে চাইলে মানবাধিকার কর্মী নুর খান লিটন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তো পরের কথা, সরকার এখানে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। ঘোষণা দিয়ে দুটি পত্রিকা অফিসে হামলা, ছায়ানট, উদীচীতে হামলা, গাছে বেঁধে হিন্দু সম্প্রদায়ের একজন পুড়িয়ে হত্যার দায় সরকার কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। উগ্রবাদী গোষ্ঠী যে কাজ করছে তাতে আন্তর্জাতিক মহলে আমাদের দেশ সম্পর্কে কী বার্তা যাচ্ছে? ফলে এসব ঘটনায় শুধু বিবৃতি দিয়ে সরকার দায় শোধ করতে পারে না।

Related Articles

Back to top button