সালথায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি জমি দখল ও লিজ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমির লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেদিনও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে।
তবে শুক্রবার রাতে একই বিষয় নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে রোকন মোল্লা ও সঞ্জয় মালোর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




