বিএনপি নেতাকে কম্বল দিয়ে চাইলেন ভোট, জামায়াতের পাঁচ নেতা আটক

অনলাইন ডেস্ক: মাগুরায় মধ্যরাতে হাসপাতালের রোগীদের মাঝে কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ নামে পাঁচ জন মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এম বি বাকরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। সেখানে তারা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোল্যাকে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তার সঙ্গে জামায়াত নেতাকর্মীদের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করছিলেন। এদিন দিবাগত রাত দেড়টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে ৩২টি কম্বল জব্দ করা হয়। শুক্রবার সকালে আটককৃতদের মাগুরার ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারকের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. শাহানুর জামান এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্তে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনও’র নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. শাহনুর জামান বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারক আইয়বুর রহমান সিয়াম আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩২ পিস কম্বল এতিম খানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতি ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে ওসি মো. আশরাফুজ্জামান বলেন, নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের মাগুরার ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারকের আদালতে বিচার সম্পন্ন হয়।

Related Articles

Back to top button