কৃষকের জন্য খাল কেটে জেলে যেতে হয়েছে: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মন্ত্রী থাকার সময় কৈয়ারবিলের কৃষকের সুবিধার জন্য, তাদের চাষাবাদ নিশ্চিত করতে নিজের টাকায় জায়গা কিনে খাল কেটেছিলাম। এর পর থেকে এ অঞ্চলের মানুষ ফসল ফলাতে পারছেন। কিন্তু এই খাল নাকি আমি মাছ চাষের জন্য কেটেছিলাম। মিথ্যা অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিল। জেলও খেটেছি। এতে আমার আফসোস নেই। কারণ, আপনাদের চাষাবাদ নিশ্চিত হয়েছে, নদীর ভাঙন থেকে ঘরবাড়ি রক্ষা পেয়েছে।’

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপিকে নির্বাচিত করলে মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। কারণ, বিএনপি এ দেশের মানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা—সবকিছুই এ দেশের মানুষকে কেন্দ্র করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে, যেটি ছিল শহীদদের প্রত্যাশা এবং এ দেশের মানুষের আকাঙ্ক্ষা।

সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়া আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী হাসিনা আহমদও একবার সংসদ সদস্য ছিলেন। এবার সালাহউদ্দিন আহমদসহ তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

Related Articles

Back to top button