মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: প্রথম দিন আপিল করল ৪২ জন

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের আদেশের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪২টি আপিল দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল করা হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হয়। অঞ্চলভিত্তিক আপিলের সংখ্যা হলো— ঢাকা অঞ্চল: ১৫টি, ফরিদপুর অঞ্চল: ৭টি, কুমিল্লা অঞ্চল: ৫টি, রাজশাহী অঞ্চল: ৫টি, খুলনা অঞ্চল: ৩টি, রংপুর অঞ্চল: ৩টি, চট্টগ্রাম অঞ্চল: ২টি, ময়মনসিংহ অঞ্চল: ১টি, বরিশাল অঞ্চল: ১টি।এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশনের জারি করা নোটিশ অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান মনোনয়ন বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে ইসিতে আপিল করতে পারবেন।

এই আপিল দায়ের করা যাবে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আপিল মেমোরেন্ডাম আকারে মূল কাগজপত্র এক সেট ও ছয় সেট ছায়ালিপিসহ জমা দিতে হবে।

নির্বাচন কমিশন বরাবর দায়ের করা আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

শুনানির সময়সূচি অনুযায়ী—

১০ জানুয়ারি: ১–৭০ নম্বর আপিল

১১ জানুয়ারি: ৭১–১৪০

১২ জানুয়ারি: ১৪১–২১০

১৩ জানুয়ারি: ২১১–২৮০

১৪ জানুয়ারি: ২৮১–৩৫০

১৫ জানুয়ারি: ৩৫১–৪২০

১৬ জানুয়ারি: ৪২১–৪৯০

১৭ জানুয়ারি: ৪৯১–৫৬০

১৮ জানুয়ারি: অবশিষ্ট আপিল

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট পক্ষের ই-মেইলে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবন থেকেও রায়ের অনুলিপি বিতরণ করা হবে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।

Related Articles

Back to top button