মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল এলাকায় হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান দায়িত্বরত এক আয়া। পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মসজিদের পাশের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কে বা কারা গভীর রাতে নবজাতকটিকে হাসপাতাল চত্বরে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে কৌতূহলী মানুষের ভিড় জমে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




