ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছলে মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় সামনের দিক থেকে আসা বালি বোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর হোসেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




