চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১, ক্ষোভে বাসে আগুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস আর সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নজরুল ইসলাম (৪০) নামের অটোরিক্সা চালক নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন অটোরিক্সা আরোহী গুরুতর আহত হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতার বাসে আগুন দিয়েছে। ফলে দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রোববার (১২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়নের মাইজ্যে মিয়ার ঘটা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকশা চালক নজরুল ইসলাম রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধার পাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্বেচ্ছাসেবী সংগঠক রাশেদুল ইসলাম জানান, পথেরহাটগামী সিএনজি চালিত একটি অটোরিক্সা ওভারটেক করতে গিয়ে কাপ্তাই থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হয়। তিনি নিহত চালক ও আহত যাত্রীদের অন্যান্যদের সহযোগিতায় অটোরিক্সা থেকে বের করেন। পরবর্তী ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি থাকলেও বিক্ষুব্ধ জনতার সৌদিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় বাসটির পাশে থাকা চন্দ্রঘোণা থেকে ছেড়ে আসা নগরগামী কর্ণফুলী এক্সপ্রেস নামক আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ১২টা) সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মামুন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।




