ঠাকুরগাঁও

শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঘাস কাটতে গিয়ে শিয়ালের কামড়ে জলাতঙ্কে রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে আমিনা বেগম (৪৫) নামে ওই নারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগমের মৃত্যু হয়।

মৃত আমিনা বেগম বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মো. মইনুল হকের স্ত্রী।

আমিনার আমিরুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ আমার মা মাঠে ঘাস কাটতে শিয়ালের আক্রমণের শিকার হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে দুটি টিকা দিয়ে বাড়িতে আনি। পরে আরও দুটি টিকা পল্লী চিকিৎসকের দিয়ে বাড়িতেই পুশ করি। শিয়ালের কামড়ের ১৭ দিনের মাথায় মা আবার অসুস্থ হয়ে পড়েন। মুখ দিলে লালা বের হচ্ছিল এবং অল্প সময় পর পর বমি করছিল। পরে রংপুর মেডিকেলে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন, গত বছরেও শিয়ালের উপদ্রব বেশি ছিল। বর্তমানে শিয়ালের আতঙ্কে মানুষ মাঠে কৃষি করতে একা ভয় পায়। কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে যেতে হয়। বর্তমান সময়ে ভুট্টার আবাদ হওয়ার কারণে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। আমরা দল বেধে মাঠে গিয়ে কাজ করি। তবে শিয়ালের আতঙ্ক এখনও রয়েছে এলাকায়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার জানান, বর্তমানে বালিয়াডাঙ্গী হাসপাতালে কোনো ভ্যাকসিন নাই। আমরা বারবার চাহিদা দিয়েও কোনো ভ্যাকসিন মিলেনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্ক রোগে মারা যাওয়ার বিষয়টি থানায় জানিয়েছে আমিনার পরিবারের লোকজন। এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

Related Articles

Back to top button