‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’

অনলাইন ডেস্ক: টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করছেন টুঙ্গিপাড়া-কোটালিপাড়া আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

এস এম জিলানী বলেন, ‘শেখ হাসিনা ফ্যাসিবাদ এটাই সত্য। শেখ হাসিনা পালানোর মধ্যে দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। আগে টুঙ্গিপাড়ায় কখনো নিরপেক্ষ নির্বাচন হয়নি; মানুষ প্রথমবার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দমতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছে। কারণ বিএনপি কখনোই শেখ হাসিনার মতো নিশিরাতের ভোট ডাকাতিতে বিশ্বাস করে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জনের কথা উল্লেখ করে স্বেচ্ছাসেবক দল সভাপতি বলেন, ‘অনলাইনে শুনছি ফ্যাসিস্ট শেখ হাসিনা নাকি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। আমরা তো চাই তিনি ফিরে আসুন! জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষা করছি। তবে অনুরোধ থাকবে, তিনি কোন পথ দিয়ে আসবেন তা যেন আগেভাগে জানিয়ে আসেন। ৫ আগস্ট তো বরণ করতে পারেনি; যে দিক দিয়েই আসবেন, সেই দিকে বরণ করা হবে। আমরা সত্যি সত্যিই বরণ করবো; যদি আপনার সাহস থাকে! আপনি বলেছিলেন, মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন। পালায় না শুধু দেশনেত্রী খালেদা জিয়া।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ।

Related Articles

Back to top button