বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গতকাল রোববার বিকেলে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়। এই সনদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি তা করেনি। বরং এখন তারা সংবিধান সংস্কার আদেশ বাতিলের প্রস্তাব এনে গণভোটকে অস্বীকার করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির অবস্থান প্রত্যাখ্যান করেছে। বিএনপি সেই ফল মেনে নিতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। এতে করে তারা প্রয়োজনীয় সংস্কার বাধাগ্রস্ত করে ফ্যাসিবাদী শাসনের দিকেই ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বগুড়া উপনির্বাচনের পরিবেশ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, সরকারি দলের সমর্থকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাগপার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে দলটি ‘মুনাফেকি’ করেছে।

সভায় জামায়াত প্রার্থীর ১৪ দফা নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়।

Related Articles

Back to top button