জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, দিবসটি উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এ দিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে নিজেদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আগামী ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।




