২৬ ফেব্রুয়ারি বইমেলা শুরু, থাকছে না ‘প্যাভিলিয়ন’

অনলাইন ডেস্ক: এ বছর অমর একুশে বইমেলা বাংলা একাডেমি আয়োজনে ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

প্রাথমিকভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল, এবং তারও আগে ২০ ফেব্রুয়ারি মেলার আয়োজনের তথ্য জানিয়েছিল বাংলা একাডেমি। 

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের মেলায় থাকছে না কোনো ‘প্যাভিলিয়ন’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।

এমতাবস্থায় ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি আজ (২২ ফেব্রুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকাশকগণ সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

Related Articles

Back to top button