ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি উঠান বৈঠককে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে উপস্থিত দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠি-সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




