কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর (৪০) নামে এক গৃহবধূ নিহত হন। তিনি রোহিতপুর ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আমান উল্লাহর মেয়ে। তার স্বামীর নাম সলিম উদ্দীন।
নিহত শাহিনুরের স্বজন জামাল জানিয়েছেন, মঙ্গলবার সকালে শাহিনুর তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে চরসোনাকান্দা থেকে রামেরকান্দা হয়ে বাড়ি ফিরছিলেন। গোয়ালখালী এলাকায় পৌঁছালে সামনের গাড়ি দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করলে তিনি পেছন থেকে সড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি তাদের থানার রেকর্ডে নেই।
এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর কড়েরগাঁও এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, সড়ক পারাপারের সময় ওই পথচারী দুর্ঘটনার শিকার হন। মরদেহ থানায় রাখা হয়েছে। সিআইডির তদন্ত দল নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।




