বরিশাল

ইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেল

অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদীতে মো. সুমন ঘরামীর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে এক টন সরকারি চাল জব্দের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া তার ভাই বাচ্চু আলমের বাড়ির গোয়ালঘর থেকে আরও ৬০০ লিটারসহ দুজনের কাছ থেকে মোট ৮০০ লিটার ডিজেল জব্দের করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়ি থেকে এই ডিজেল ও সরকারি চাল জব্দ করা হয়। এসময় ইউপি সদস্য সুমন ঘরামীর ভাই বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ ইউপি সদস্যের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য সুমন ঘরামী ও তার ভাই বাচ্চু আলমের কাছে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়।

এর মধ্যে ইউপি সদস্য সুমন ঘরামীর ঘরে সামনে থেকে ২০০ লিটার ডিজেল ও ১ টন সরকারি চাল এবং তার ভাই বাচ্চু আলমের গরুর খামারের ৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। পরে ডিজেল ও চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সরকারি চালের জব্দের বিষয়ে চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বলেন, ‘একজন ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল থাকার কথা না। সুমন ঘরামীর বাড়িতে ১ টন চাল কোথা থেকে কিভাবে গেল সেই বিষয়ে আমার কিছু জানা নাই।’ 

সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, ইউপি সদস্য সুমন ঘরামী ও তার ভাই ডিজেল মজুদ রাখার বিষয়টি স্বীকার করছেন। অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সুমন ঘরামী বাড়িতে মজুদ করা সরকারি চাল কিনে রাখার দাবি করেছেন। তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, চরকালেখান ইউপি সদস্যের বাড়ি থেকে ডিজেল জব্দ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। চালের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইউপি সদস্য যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে।

চাল ও তেল জব্দের বিষয়ে জানতে চাইলে মো. সুমন ঘরামীর বলেন, চালগুলো আমি কিনে এনেছি। তবে তেল রাখার বিষয়টি ভুল হয়ে গেছে। এ ঘটনায় আমার ভাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Back to top button