ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ নিয়ে সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
শনিবার (১৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে এবং এই মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে-
১) সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ অথবা অনলাইনে আবেদন করতে হবে।
২) কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করেছে।
সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।




