কনসার্ট ‘ওভারলোড ফেস্টিভ্যাল’: নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

অনলাইন ডেস্ক: দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। 

লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। 

এই কনসার্ট দিয়ে নতুন লাইনআপ নিয়ে প্রথমবার পারফরম্যান্স করবে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ও আর্টসেল।

গত ৫ মার্চ অর্থহীন ছাড়ার ঘোষণা দেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। ওই দিন সন্ধ্যায় এই দুজনকে বিদায় জানিয়ে নতুন তিন সদস্যকে পরিচয় করিয়ে দেয় অর্থহীন। 

ব্যান্ডটির একসময়ের সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন। দীর্ঘ ২০ বছর অর্থহীনের হয়ে কাজ করার পর ২০২৩ সালে ব্যান্ড ছেড়েছিলেন তিনি। অর্থহীনের লাইনআপে গিটার ও কি-বোর্ডসে আবারও পাওয়া যাবে তাকে।

নতুন সদস্য হিসেবে আরও যোগ দিয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। কি-বোর্ডস ও গিটারে আতিক এবং মেকানিকস ব্যান্ডের রিয়াজ অর্থহীনে বাজাবেন গেস্ট ড্রামার হিসেবে।

এটি অর্থহীনের ফেরার কনসার্টও। ব্যান্ডটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমনের শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে স্টেজে অনিয়মিত অর্থহীন। সর্বশেষ গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দলটি পারফর্ম করে যুক্তরাষ্ট্রে। 
অর্থহীন জানিয়েছে, প্রায় ১৬ মাস পর ওভারলোড ফেস্টিভ্যাল কনসার্টে দেশের শ্রোতাদের গান শোনাবে তারা।

অন্যদিকে আর্টসেলও মঞ্চে উঠছে নতুন লাইনআপে। ১০ জুলাই এই কনসার্ট দিয়ে আর্টসেলের ভোকাল হিসেবে প্রথমবার মঞ্চে গাইবেন বখতিয়ার হোসাইন। ব্যক্তিগত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। 

গত বুধবার রাতে আর্টসেলের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানান লিংকন। ওই ভিডিও বার্তায় লিংকনের জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইনকে।

গত বছর থেকে স্টেজে অনিয়মিত আর্টসেল। গত নভেম্বরে সর্বশেষ অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছে ব্যান্ডটি। তারও আগে থেকে কানাডায় আছেন লিংকন। তাই ব্যান্ডের লাইভ পারফরম্যান্স যেন থেমে না যায়, সেই লক্ষ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন নতুন ভোকাল যুক্ত করার।

Related Articles

Back to top button