সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেও বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি। ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যার পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কাজে সময় দেন প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী আঙুলের ছাপ দিয়ে নিজের উপস্থিতি নিবন্ধন করেন। এরপর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।

এর আগে সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হওয়ার পর সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।

সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

যৌথ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর দিনের কর্মসূচির বিরতি না নিয়ে সচিবালয়ে গিয়ে সরকারি দায়িত্ব পালন শুরু করেন তিনি।

Related Articles

Back to top button