দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। এবার দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে দর্শকদের মাতিয়ে দিলেন এই অভিনেতা।

গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’। শাহরুখের নাম অনুসারে নির্মিত ভবনটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে অভিনেতার নাচ।

অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতেই মঞ্চে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকার এমন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শকেরা।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় গানটি। এতে তার সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে দুই তারকার রসায়ন, প্রেমের আবহ ও সুর ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।

তবে গানটিতে শুধু প্রেমের আবহই নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিতও। সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাস পাওয়া যায় গানটিতে। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার কথা।

গানটিতে শাহরুখের একটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী। আর সেই প্রেম কিসের, যা হৃদয় ভেদ করতে পারে না।’

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

Related Articles

Back to top button