ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক: ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, ‘বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারীকে আসামি হিসেবে আমরা ফিরিয়ে আনতে চাই।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘প্রায় ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা সম্ভব নয়। আনসার ও ভিডিপি বাদে দেশে পুলিশ সদস্যের সংখ্যা প্রায় দুই লাখ। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, সোমবার সংসদীয় ও দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং রাজপথে সক্রিয় থাকবেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক জানান, কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে অসন্তোষ ও অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে সফল হয়েছে। এ জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে।

Related Articles

Back to top button