সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

অনলাইন ডেস্ক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।
সে সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্য বক্তব্যে স্বীকার করেন।
রিটকারীর দাবি ছিল, এ ধরনের পদক্ষেপ সরাসরি হলফনামা জালিয়াতির শামিল। এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে এবং হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে।


