এইচএসসি ফলাফল

পাসে এগিয়ে বিজ্ঞান, ফেলের শীর্ষে মানবিক

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন মানবিক বিভাগ থেকে। ফলে এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশ। 

অপরদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে এবার পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র। তাদের মধ্যে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। অর্থাৎ এ বিভাগে ছাত্রদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৬৮ জন।

অপরদিকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। সে হিসাবে এ বিভাগে ছাত্রীদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৫৬ জন। সব মিলিয়ে মানবিক বিভাগে পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন।

এদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ। এ বিভাগে পাসের হার তুলনামূলক বেশি হলেও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আর সবচেয়ে পিছিয়ে রয়েছেন মানবিক বিভাগের পরীক্ষার্থীরা।

এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তবে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

Related Articles

Back to top button