ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারাধীন মামলায় ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিয়োজিত কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ সংক্রান্ত আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবী জোনাথন প্রাইস কেসি এবং নিকিলা কৌশিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে দাঁড়ানোর অনুমতি চেয়ে গত ১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলে ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠিয়েছেন।

আইনি ভিত্তির বিষয়ে আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দিতে পারেন। সুনির্দিষ্ট কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই অনুমতি আটকে রাখার সুযোগ নেই। ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের উপস্থিতির ক্ষেত্রে বার কাউন্সিলের এ অনুমতি একটি আবশ্যিক পূর্বশর্ত।

আবেদনে আরও জানানো হয়, আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় বর্তমানে কারাবন্দী রয়েছেন ফারজানা রুপা। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারিক প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলায় এবং ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে ওই দুই ব্রিটিশ আইনজীবীকে অনুমতি দেওয়ার পদক্ষেপ নিতে বার কাউন্সিলের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বার কাউন্সিলে জমা দেওয়া এই আবেদনের সঙ্গে ফারজানা রুপার স্বাক্ষরযুক্ত ওকালতনামা, বিদেশি দুই আইনজীবীর জীবনবৃত্তান্ত এবং তাদের পাঠানো ই-মেইল ও মূল আবেদনের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।

Related Articles

Back to top button