গাজীপুর

গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই, অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক: গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন- বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকার চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। আহতরা সবাই বিকাশের ডিস্ট্রিবিউটরের ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা।

আহতদের মধ্যে হিমেল গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্টিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল।

প্রাইভেটকারটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০-১২টি মোটরসাইকেলে যোগে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এক পর্যায়ে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের ধারণা তিন কোটি টাকার মতো লুট হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button