মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের সুমন সরকারের স্ত্রী। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। 

নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী।

জানা যায়, পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে পারিবারিক ভাবে রিনার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত তিন-চার বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে রিনার দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। কখনো কখনো তা মারামারিতেও গড়াত। 

সুমনের মা রুফিয়া বেগম বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে সুমনের সঙ্গে রিনার কথা কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানার পর আমরা তাদের মিটমাট করে দিই। রাতে তাদের মধ্যে কী হয়েছে, তা আমার জানা নেই। সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে আমি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখি। সে কীভাবে মারা গেছে, তা বলতে পারব না।

নিহতের মা সাকিনা বেগম অভিযোগ করেন, সুমন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই রিনাকে মারধর করত। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও তাকে চাপ দিত। এসব বিষয় নিয়ে বিরোধের জের ধরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button