৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিদেশ থেকে আমদানি করা গ্যাস সরবরাহকারী জাহাজে দুর্ঘটনা ও পাইপলাইনের বিঘ্নতার কারণে সৃষ্ট গ্যাস সংকট আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাগরে বিদেশিদের মালিকানাধীন দুটি জাহাজের একটিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় অপর জাহাজের ওপর চাপ বাড়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে ইতিমধ্যে গত সপ্তাহ থেকে বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি গ্যাসের অবৈধ ব্যবহার ও চুরির তীব্র সমালোচনা করে তিনি জানান, একটি অসাধু চক্র মেশিন দিয়ে জোর করে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নিলেও এতে সাধারণ মানুষ চরম কষ্টের শিকার হচ্ছে। সরকার একা এটি রোধ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস বা তেল নিতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সজাগ ও প্রতিরোধমূলক ভূমিকা পালন করতে হবে।

বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী সরকার দেশকে সম্পূর্ণ বিদেশনির্ভর করে তুলেছিল এবং বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী বছরে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই লুণ্ঠন ও পাচার রোধ করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার দ্বিমুখী লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। দেশকে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করতে বর্তমানে ১৩০টি নতুন গ্যাস কূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা অনার্স পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ঢাকা-১৭ আসনে ফ্যামিলি কার্ড বিতরণের কাজ উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে দেশের ৪১ লাখ নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করাসহ ধর্মগুরু ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সহায়তার কাজও শুরু হয়েছে বলে তিনি জানান।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হওয়ার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ১২ দিনের মাথায় এই যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে। জনগণের ওপর চাপ কমাতে প্রথমে জ্বালানির দাম না বাড়ালেও কিছু অসাধু চক্রের অতিরিক্ত ব্যবহারের কারণে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে। সবশেষে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং যেকোনো বড় কর্মসূচি বা সংকটের স্থায়ী সমাধানে কিছুটা সময় প্রয়োজন হয়।

Related Articles

Back to top button