জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরুর প্রাক্কালে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে তার দায়িত্ব গ্রহণের সার্বিক প্রস্তুতি ও পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এর আগে সোমবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভকামনা জানায়। বিশ্বমঞ্চের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক অর্জন।

বিশ্বসভার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সমসাময়িক সংকট মোকাবিলার মতো বিষয়গুলোতে কার্যকর নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এটি কোনো বাংলাদেশি কূটনীতিকের দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের নজির। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। দীর্ঘ চার দশক পর আবারও কোনো বাংলাদেশি কূটনীতিক বৈশ্বিক এই ফোরামের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।

Related Articles

Back to top button